যশোরে অন্তঃসত্ত্বা মামি ও ভাগ্নি ধর্ষিত, অভিযুক্ত আটক

0
আটক রকি, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া ডালমিল মাগুরপট্টিতে বুধবার গভীর রাতে দুই মাসের অন্তঃসত্ত্বা মামি (২০) ও তার ভাগ্নি (১৪) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রকি (৪০) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার ভোরে আটক করেছে পুলিশ।

আটক রকি ভয়ভীতি দেখিয়ে একাই দুইজনকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার কোতয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।

আটক রকি চাঁচড়া ডালমিল মাগুরপট্টি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর আমানউল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সোমবার রাতে মামি ও ভাগ্নি একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় মামির স্বামী বাড়িতে ছিলেন না। রাত ১২টার দিকে কৌশলে ঘরের ভেতর ঢুকে পড়েন অভিযুক্ত রকি। অন্ধকার থাকায় মামি ভেবেছিলেন তার স্বামী এসেছেন। কিন্তু তাকে ভয়ভীতি দেখিয়ে খাট থেকে নিচে নামিয়ে নেওয়ায় আবছা আলোতে তিনি প্রতিবেশী রকিকে দেখতে পান। এরপর রকি তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে একই ঘরে ঘুমিয়ে থাকা ভাগ্নিকেও ধর্ষণ করেন রকি। মামি-ভাগ্নিকে ধর্ষণ শেষে চলে যান অভিযুক্ত রকি। বিষয়টি পরে মোবাইলে ফোন করে স্বামীকে জানান মামি। খবর পেয়ে তিনি বাড়িতে চলে আসেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তারা অভিযুক্ত রকিকে আটক করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী মামি ও ভাগ্নিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

কোতয়ালি থানা পুলিশের ওসি মাসুম খান জানান, দুই নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে আটক রকিকে আদালতে সোপর্দ করে পুলিশ। এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।