মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল; শেষ বিদায়ে সিক্ত হতে প্রতীক্ষায় লক্ষ লক্ষ প্রাণ

0
খালেদা জিয়ার জানাজাস্থলমুখী মানুষের জোয়ার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজা সংলগ্ন এলাকায় আজ বুধবার সকাল থেকেই বইছে শোকের মাতম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে দেশজুড়ে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন। বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর চারপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, খামারবাড়ি মোড় ও ফার্মগেট এলাকায় তিল ধারণের জায়গা নেই। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা কৃষক দল নেতা মোজাম্মেল হক জানান, প্রিয় নেত্রীকে শেষ দেখা দেখতে তাঁরা গভীর রাতেই রওনা হয়ে ভোরে ঢাকায় পৌঁছেছেন। সাতক্ষীরা থেকে আসা ছাত্রদল নেতা দুদায়েভ মাসুদ বলেন, “আমাদের নেত্রী আর নেই, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতেই এই কষ্ট সয়ে আসা।”

জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসছেন। মেট্রোরেলসহ সব গণপরিবহনেই শোকাতুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সবার হাতেই নেত্রীর ছবি সম্বলিত ফেস্টুন কিংবা কালো ব্যাজ। জনস্রোত সামাল দিতে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জমায়েত রাজধানীর ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজায় রূপ নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।