বেনাপোলে বিপুল ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বেনাপোল চেকপোস্ট কাস্টমস বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুল সালাম (৫০) নামে একজন বাংলাদেশি যাত্রীকে আটক করেছে।

গতকাল বেলা ১২টায় ভারত থেকে ফেরার সময় তাকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে আটক করা হয়। তিনি আব্দুল সালাম মুন্সিগঞ্জ জেলার আব্দুল সামাদ ব্যাপারির ছেলে।

ভারত থেকে পাসপোর্টে বেনাপোলে আসার পর ইমিগ্রেশনে কাস্টমস স্ক্যানিং শেষে তার ল্যাগেজ তল্লাশি করার সময় বিশেষভাবে লুকিয়ে রাখা ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার এবং ৩৬ হাজার ৪০০ অষ্ট্রেলিয়ান ডলার উদ্ধার হয়। উদ্ধারকৃত ডলারের বাংলাদেশি মূল্যমান ৬০ লাখ টাকা।

আটক সালাম জানান, তাকে কলকাতা থেকে সুমন নামে একজন টাকাগুলো দেন। এই টাকা যশোরের একজনের কাছে হস্তান্তর করার কথা ছিল। তবে, যশোরে কার কাছে এই ডলার হস্তান্তর করার কথা ছিল তা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার বলেন, সালামের ল্যাগেজের ভিতর বিশেষভাবে লুকিয়ে রাখা ডলারের এ চালানটি পাওয়া যায়।

ভারত থেকে দেশে ফেরার সময় চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে তার কাছে বৈদেশিক মুদ্রার এ চালানটি পাওয়া যায়।

তিনি আরো জানান, ডলারের সিজারলিস্ট করার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।