বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত, যাদের জন্য প্রযোজ্য

0
মার্কিন অভিবাসন নীতিতে বড় ধাক্কা: ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্রেন্ট) ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বুধবার ফক্স নিউজ ও সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, এই স্থগিতাদেশ আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তালিকায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য কর্মসংস্থান বা অন্যান্য অভিবাসী ক্যাটাগরিতে আবেদন করেছেন, তারা এই স্থগিতাদেশের আওতায় পড়বেন। মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি কল্যাণ ভাতার অপব্যবহার রোধেই এই সিদ্ধান্ত। তবে শিক্ষার্থী, পর্যটক এবং ব্যবসায়িক কাজে ভ্রমণকারীরা (নন-ইমিগ্রেন্ট ভিসা) আগের মতোই ভিসা পাবেন। বিশেষ করে আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দেখতে গমনেচ্ছু ফুটবল ভক্তদের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

সূত্র : ফক্স নিউজ, রয়টার্স, সিএনএন