বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যশোরের শরফুদ্দৌলাসহ ৫ নেতা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময়ে বহিষ্কৃত ও অব্যাহতি প্রাপ্ত ৫ নেতার ওপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুদ্দৌলা। ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক (২০ জানুয়ারি ২০২৬) এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি পাওয়া নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মোছা. মাসরেখা বানু চৌধুরী সীমা-এর অব্যাহতি আদেশও প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এই সিদ্ধান্তের অনুলিপি সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এই নেতারা পুনরায় দলের প্রাথমিক সদস্যপদসহ তাদের পূর্বের সাংগঠনিক অবস্থান ফিরে পেলেন।