নড়াইলে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

0

নড়াইল সংবাদদাতা : নড়াইল জেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মেধাবীদের সম্মানিত করা হয়।

সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ’ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি, তরুণ কবি ও কলামিস্ট মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আকবর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছায়েম আলী খান, ইসলামি চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, প্রকৌশলী গোলাম রাব্বি, সমাজসেবক মো. আবু মুসা ও ব্যবসায়ী আনিসুল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ফুল ও সনদপত্র তুলে দেন। এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ’ ২০১৭ সাল থেকে নড়াইল জেলার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।