নড়াইলে বিপুল দেশি অস্ত্রসহ আটক ১

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ সৈয়দ রাকিবুল ইসলাম ওরফে মিশান মীর (৩৩) নামে এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার ভোররাতে নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রাম থেকে তাকে আটক হয়। আটক মিশান মীর টোনা গ্রামের হোসেন মীরের ছেলে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে মিশান মীরের বাড়িতে অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। এ সময় তার বাড়ি থেকে শর্টগানের দুই রাউন্ডগুলি, ১০টি চাপাতি, ২টি হাসুয়া, ৪টি বড় ছুরি, ৫টি ফলা, ৪টি ঢাল, চাইনিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী মঙ্গলবার ভোররাতে টোনা গ্রামের মিশান মীরের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ও মিশানকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে।