নরসিংদীতে খালে গোসলে নেমে ৪ মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

0
মাদরাসার বিরতিতে গোসল করতে নেমেছিল ৬ ছাত্রী, ২ জন বাঁচলেও ৪ জনের মৃত্যু ।। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো—উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় ‘গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসা’র ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে মাদরাসার বিরতির সময় ওই প্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী একসঙ্গে বাড়ি ফেরে। পরে তারা বাড়ির পাশের একটি খালে গোসল করতে নামে। এদের মধ্যে তাবিয়া, আয়েশা ও জান্নাতসহ চারজন সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায়। এ সময় বাকি দুজন শিক্ষার্থী কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে ফিরতে সক্ষম হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন খালের পানি থেকে অচেতন অবস্থায় চার ছাত্রীকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চারজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসলে নেমেছিল। পানিতে ডুবে চারজনের মৃত্যু হলেও বাকি দুজন কোনোমতে পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই চার শিক্ষার্থী মারা যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একসঙ্গে চার শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।