নড়াইলে ঘুমন্ত মায়ের কোল থেকে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুপুত্রের করুণ মৃত্যু

0
দুই সন্তানকে হারিয়ে কাঁদছেন পিতা মাজেদুল শেখ। পাশে স্বজনেরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় ।। ছবি: প্রথম আলো

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। একসঙ্গে দুই সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার।

মারা যাওয়া দুই শিশু হলো আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েন তাদের মা। সেই সুযোগে দুই ভাই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। সকাল ১০টার দিকে মায়ের ঘুম ভাঙলে দুই ছেলেকে বাড়িতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। কোথাও না পেয়ে সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তল্লাশি করেন এবং দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।