দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব কনসুলার ও ভিসা সেবা স্থগিত

0
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনসুলার সার্ভিস ও ভিসা কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনভিপ্রেত এই সাময়িক অসুবিধার জন্য মিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সাম্প্রতিক ঘটনাবলি বিশ্লেষণে দেখা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী সংগঠনের ২০-২৫ জন সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়ার হুমকি দেয়।

এছাড়া রোববার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা সেন্টারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটেই দিল্লিতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।