দাকোপে ফসলি জমি রক্ষার দাবিতে সভা

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ মোংলা বন্দর ড্রেজিং প্রকল্পের আওতায় পশুর নদী খননের বালির কবল থেকে দাকোপের বাণীশান্তা এলাকার ফসলি জমি রক্ষার দাবিতে সভা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে বুধবার সকালে বাণীশান্তা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের কাউন্সিলর পাপিয়া মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণীশান্তা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর জয়কুমার মানিক, লবণ জল প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও বেলা নেটওয়ার্ক সদস্য গৌরাঙ্গ প্রসাদ রায়, প্রাক্তন ইউপি সদস্য হিরন্ময় মন্ডল, বাপা’র দাকোপ প্রতিনিধি ইসরাফিল বয়াতি, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল ও শিক্ষিকা মৌসুমী হালদার। সঞ্চালতের দায়িত্ব পালন করেন কৃষক ও কৃষিজমি রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক কৃষ্ণপদ মন্ডল।
সভায় বক্তারা বলেন, মোংলা বন্দর ড্রেজিং প্রকল্পের অধীনে পশুর নদী খনন করা বালি যেখানে ফেলা হবে, ওই অঞ্চলে ১৫০ পরিবারের প্রায় ৬০০ মানুষের বসবাস। জমিতে প্রচুর ধান ও সবজি উৎপাদনের পাশাপাশি তরমুজের চাষ হয়। প্রকল্প এলাকায় বেশ কয়েকটি মিষ্টি পানির পুকুর ও জলাশয় আছে। জলাশয়ের পানি কৃষিকাজে ব্যবহার হয়। পুকুরের পানি ঘর গৃহস্থালির কাজে ব্যবহারসহ গবাদি পশুর খাবারে ব্যবহার হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে পরিবারগুলো বসতভিটা হারাবে এবং উদ্বাস্তু হয়ে পড়বে। বক্তারা এলাকায় তরমুজসহ কৃষি ব্যবস্থা রক্ষায়, দীর্ঘদিনের মানব বসতি ও গোচারণ ভূমি রক্ষায় জরুরিভাবে বাণীশান্তা এলাকায় পশুর নদী খননের বালি ফেলা বন্ধের দাবি জানান।
সভায় অন্যান্যেরর মধ্যে বক্তব্য রাখেন সুমতি মন্ডল, পরিমল হালদার, রাণী মন্ডল, মো. শুকুর আলী বয়াতী, মাখন রায়, ঋষিকান্ত মন্ডল, রবিন মন্ডল, কুসুম মন্ডল, নন্দিতা মন্ডল প্রমুখ।