কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাটে মিলল নিখোঁজ মা-মেয়ের অর্ধগলিত লাশ; আটক ৪

0
নিহত শিক্ষার্থী জোবাইদা রহমান (ডানে) ও তার মা রোকেয়া রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় এক চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটিত হয়েছে। নিখোঁজের ২০ দিন পর গৃহশিক্ষিকা মীম বেগমের (২৪) ফ্ল্যাট থেকে নিখোঁজ মা রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমার (১৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটের খাটের নিচ ও বাথরুমের ফলস ছাদ থেকে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ফাতেমা তার গৃহশিক্ষিকা মীমের কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয়। একই সময় তার মা রোকেয়াও নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল ওই ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ বের হলে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। পুলিশ এসে মীমের শোবার ঘরের খাটের নিচ থেকে রোকেয়ার এবং বাথরুমের ফলস ছাদ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে।

নিহতদের স্বজনদের দাবি, গলায় থাকা সোনার চেইন লুটের উদ্দেশ্যেই মীম ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মীম ও তার বোন নূরজাহান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মীম, তার স্বামী হুমায়ুন ও বোনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।