কচুয়ায় নিখোঁজের দুইদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

0

বাগেরহাট ও কচুয়া সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় নিখোজের দুই দিন পরে মেহেদী হাসান শেখ (২৫) নামের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে কচুয়া উপজেলার চর টেংরাখালী এলাকার কাওছার শেখের কলাবাগান থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। মেহেদীর একটি হাত বাধা ও গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে টেংরাখালী নতুন বাজার এলাকায় নিজের কম্পিউটারের দোকান থেকে সে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পর তাকে না পাওয়ায় পরিবারের পক্ষথেকে শনিবার কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। রবিবার সকালে এলাকাবাসি মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মেহেদী চর টেংরাখালী এলাকার মনিরুজ্জামান শেখের একমাত্র ছেলে। মাধবকাঠি মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান অবিবাহিত ছিলেন। টেংরাখালী বাজারে মোবাইল রিচার্জ, কম্পিউটারসহ ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকানও ছিল মেহেদীর। মেহেদীর প্রতিবেশী জামাল শেখ বলেন, মেহেদীর দোকানের পাশে আমার দোকান রয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে মেহেদীর আর কোন খোঁজ পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে মেহেদীর বাবা এক রকম পাগল প্রায় হয়ে পড়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করছি হত্যা করে মরদেহ এখানে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।