সুন্দরবনে অস্ত্র-গুলিসহ আটক কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর’

আটক জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা

0
সুন্দরবনের ডাকাত মেজ জাহাঙ্গীর আটক
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড- লোকসমাজ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা, লোকসমাজ : সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এ ছাড়া কোস্ট গার্ড পশ্চিম জোন (সদর দপ্তর মোংলা) কার্যালয়ে ইলেকট্রনিক মিডিয়াকে ব্রিফ করেন বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ (এক্স), বিএন।

কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এর ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় চতুর্থবারের মতো অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাকোপ থানার সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস এলাকার কালীর খালে অবস্থান করছিলেন মেজ জাহাঙ্গীর। পরে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানে তাকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাহিনীটির প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।