মেরিটাইম প্রদর্শনী ও গাড়ির বাজারে সরগরম আইসিসিবি

0
মেরিটাইম প্রদর্শনী ও গাড়ির বাজারে সরগরম আইসিসিবি

লোকসমাজ ডেস্ক : সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের যানবাহন কেনাবেচার আয়োজন ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সরগরম পরিবেশ বিরাজ করছে। একদিকে চলছে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স-২০২৬’, অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে জমে উঠেছে ‘সুপার সেল কার বাজার’।

জাহাজ নির্মাণ, বন্দর পরিচালনা, মেরিন ইঞ্জিনিয়ারিং, জাহাজ পুনর্ব্যবহার ও অফশোর প্রযুক্তির আধুনিক সরঞ্জাম, পণ্য ও উদ্ভাবন তুলে ধরতে বিমক্স-২০২৬-এ অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নিজেদের প্রযুক্তি, পণ্য ও সেবার বিভিন্ন দিক তুলে ধরছেন।

বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আয়োজকদের মতে, বাংলাদেশের সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে, শুক্রবার আইসিসিবিতে বসেছে ‘সুপার সেল কার বাজার’-এর আরেকটি আসর। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ রয়েছে। বাজারটি চলবে রাত ৮টা পর্যন্ত।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন পাঁচ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার নিয়মিত বসছে। আয়োজকদের দাবি, ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে এ কার বাজারে অংশগ্রহণও বাড়ছে।

একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার পাশাপাশি সেগুলোর বৈশিষ্ট্য ও দাম তুলনা করতে পারছেন ক্রেতারা। ফলে গাড়ি কেনার জন্য একাধিক স্থানে ঘোরার প্রয়োজন কমছে। অন্যদিকে, বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং নিজেদের গাড়ি বিক্রির সুযোগ পাচ্ছেন।

‘সুপার সেল কার বাজার’-এর আয়োজক উইজার্ড শোবিজ। আইসিসিবি এ আয়োজনের ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে।