জীবননগরে পঁচা গরুর মাংস বিক্রির প্রমাণ, দোকান সিলগালা

দোকানদার পালিয়ে গেলে জনসমক্ষে নষ্ট করা হয় পঁচা মাংস

0

চুয়াডাঙ্গা ও জীবননগর সংবাদদাতা, লোকসমাজ : পঁচা গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে একটি মাংসের দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত দোকানদার পালিয়ে গেলে জনসমক্ষে নষ্ট করা হয় পঁচা মাংস।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে অভিযোগকারীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ওই দোকানে গেলে দোকানদার আরোজ আলী ও তার সহকর্মীরা পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, পৌর এলাকার জানু শাহার ছেলে আরোজ আলীর (৪০) দোকান থেকে একই উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি গরুর মাংস কিনে বাড়ি নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাংস পঁচা দেখে তিনি ফেরত নিয়ে আসেন। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। এসময় তারা তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেন। তখন পরীক্ষা করে ওই মাংস যে পঁচা তার প্রমাণ মেলে।
অভিযোগের প্রেক্ষিতে মাংসের দোকানে উপস্থিত হলে তার আগেই পঁচা মাংস বিক্রেতা আরোজ আলী ও তার সহকর্মীরা দোকান ছেড়ে পালিয়ে যায়। সেখানে অবস্থান করার সময় পর্যন্ত তারা উপস্থিত না হলে মাংস বিক্রির দোকান সিলগালা করে জনসমক্ষে পঁচা মাংসগুলো নষ্ট করে দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।