মনিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত- ২

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের মণিরামপুরে সাতক্ষীরা-যশোর মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪জুলাই) সকাল আটটার দিকে মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাক চালক রাজু এবং হেলপার এরফান। তারা দুজনেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী মাছ বোঝাই একটি ট্রাক মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রাজু ও হেলপার এরফান মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।