মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ

0

লোকসমাজ ডেস্ক ॥ মাগুরার সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এ সময় আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন মামলার বাদী শিশুটির মা, প্রতিবেশী জলি খাতুন ও শিশুটিকে বহনকারী ভ্যানচালক রুবেল হোসেন।

তবে মাগুরা লিগ্যাল এইডের পক্ষ থেকে আইনজীবী সোহেল আহম্মেদকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পেতে দেখা যায়। এতদিন আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ মামলার পরবর্তীতে সাক্ষ্যগ্রহণের দিন সোমবার ধার্য করা হয়েছে।

গত ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, মাগুরার আলোচিত হত্যা মামলাটির আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালত তিনজন সাক্ষীকে তলব করেছিলেন। বাদীসহ তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

তিনি আরও বলেন, আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। বিচারক সাক্ষীদের সাক্ষ্য এবং আসামিপক্ষের আইনজীবীর জেরা শোনেন। আগামীকাল এ মামলার ৩, ৪, ৫ নম্বর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ হবে।

তবে আসামিপক্ষের আইনজীবী নিজের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি।

অন্যদিকে সাক্ষ্য শেষে শিশুটির মা ও মামলার বাদী বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। তাদের জন্য আমার পরিবার শেষ হয়ে গেছে।