খসড়া ভোটার তালিকা প্রকাশ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক॥ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় মোট ভোটার রয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ আগামী ২০ জানুয়ারি শুরু হবে এবং আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সানাউল্লাহ বলেন, ‘ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে কমিশন।’

এ সময় ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।

খসড়া ভোটার তালিকা প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে, যা ১ দশমিক শূন্য ৫ শতাংশ বেশি।

তিনি আরো জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন।

এবার সাতটি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘তালিকায় ১৩ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।’