স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত ভার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

0
সংসদ অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন বিএনপি। স্পিকার চূড়ান্ত করার ভার প্রধানমন্ত্রীর হাতে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলের সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। চিফ হুইপ জানান, স্পিকারের পদটি শূন্য রেখেই অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সংসদ নেতা তারেক রহমান অধিবেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন, যা অন্য একজন সদস্য সমর্থন করবেন। সভাপতির আসন গ্রহণের পর শুরু হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা।

সংবাদ সম্মেলনে চিফ হুইপ আরও জানান, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকালই সংসদে উপস্থাপন করা হবে। এগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে এই প্রস্তাব দিলেও এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে কোনো ‘ইতিবাচক সাড়া’ পাওয়া যায়নি। তবে সাড়া মিললে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।