মনিরামপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রামপুলিশ আটক

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরের মনোহরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবশেষে সেই গ্রামপুলিশ মাহাবুবুর রহমানকে আটক করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামান সোমবার রাতে তাকে আটক করেন। আটক মাহাবুবুর রহমান মনোহরপুর গ্রামের আবদুল খালেক সরদারের ছেলে।
জানা যায়, মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের এক গৃহবধূ তার শিশুকন্যার জন্মনিবন্ধন সনদ পেতে গ্রামপুলিশ মাহাবুবুর রহমানের সহায়তা নেন। অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধন সনদ দেওয়ার নাম করে ১৬ এপ্রিল গভীর রাতে মাহাবুবুর ওই গৃহবধূর বাড়িতে যান। এসময় স্বামী বাড়িতে না থাকার সুযোগে মাহাবুবুর তাকে ধর্ষণের চেষ্টা চালান। নিরুপায় হয়ে গৃহবধূ চিৎকার বরলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং মাহাবুবুরকে হাতেনাতে আটক করেন। কিন্তু এক পর্যায়ে তিনি নিজের মোবাইল ফোন ও স্যান্ডেল ফেলে পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধূ পরদিন থানায় মাহাবুবুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ ওই গৃহবধূর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেন।
থানা পুলিশের ওসি নূর ই আলম সিদ্দিকী জানান, আটক গ্রামপুলিশ সদস্যকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।