ঢাকায় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে আজ খুলছে নিউমার্কেট, আহত আরও ১ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকেই নিউমার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার গভীর রাতে ৩ ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।
এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর সাইন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো হল- আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমবেদনা ও আর্থিক সহায়তা দেবে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতি, অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, রমনা জোনের ডিসি, এডিসি, নিউমার্কেট থানার ওসির বিরুদ্ধে ফর্মাল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিটি মার্কেটের কর্মচারীদের আচরণ পরিবর্তনে প্রশিক্ষণের ব্যবস্থা করবে মালিক সমিতি, নারীদের হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করবে মালিক সমিতি, দোকান মালিক কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড নিশ্চিত করা হবে, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে কলেজ প্রশাসন, শিক্ষার্থী, ব্যবসায়ী মালিক সমিতি মিলে সমন্বিত প্রতিনিধি টিম গঠন করা হবে।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার পর ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডের সামনে পরপর ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। এর পরপরই শিক্ষার্থীরা হল ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করতে দেখা যায়। বিকেলে কিছুসংখ্যক দোকানি দোকান খোলার চেষ্টা করলেও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বন্ধ করতে বাধ্য হয়।
সংঘর্ষে আহত আরও এক যুবকের মৃত্যু
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নাহিদের পর মোরসালিন (২৬) নামে আহত আরেকজন মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোরসালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।
এদিকে মোরসালিনের শ্যালক ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে মৃত্যুর বিষয়টি তিনিও নিশ্চিত করেন।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। দুই যুবক অচেতন অবস্থায় মোরসালিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।
তার বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাই নগর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে দুই মেয়ে সুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজা (৪)সহ পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত মো. মানিক মিয়া।
স্ত্রী অনি আখতার মিতু জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে চাকরি করতেন মোরসালিন।
এর আগে ঘটনার দিন রাতেই মারা যান নাহিদ (১৭) নামে এক কিশোর। তিনি এলিফ্যান্ট রোডে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
[খবর সূত্র : দেশ রূপান্তর]