ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের তিন মাস পর চূড়ান্ত গেজেট প্রকাশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ অবশেষে নির্বাচনের তিন মাস পর ঝিকরগাছা পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর ফলে সকল জল্পনা-কল্পনার অবসান হলো। চূড়ান্ত গেজেট অনুসারে নির্বাচিতরা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনীত (নৌকা প্রতীক) বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। এছাড়া ১নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডে আরিফুজ্জামান আরিফ, ৩নং ওয়ার্ডে সাজ্জাতুল জামান রনি, ৪নং ওয়ার্ডে আব্দুল আলীম গাজী, ৫নং ওয়ার্ডে একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান বাবু, ৭নং ওয়ার্ডে আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে তারিকুজ্জামান ও ৯ নং ওয়ার্ডে ইউনুস আলী এবং সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডে শ্যামলী খাতুন ৪,৫ ও ৬নং ওয়ার্ডে জেসমিন সুলতানা এবং ৭, ৮ও ৯নং ওয়ার্ডে নাজমুন নাহার নাজু।
উল্লেখ্য, সীমানা জটিলতায় দীর্ঘ ২১ বছর নির্বাচনবিহীন থাকার পর চলতি বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয়বারের মত ঝিকরগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচন চলাকালীন ওইদিন দুপুরে একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইর্কোটের আদেশে পৌরসভার ৫নং ওয়ার্ডের খাদেমুল ইনসান দাতব্য চিকিৎসালয় কেন্দ্রটি বাতিল করা হয়। ফলে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও সেদিন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা থেকে বিরত থাকে নির্বাচন কমিশন। ইতোমধ্যে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ায় অবশেষে ১৩ এপ্রিল ২০২২ রিটার্নিং অফিসার চূড়ান্ত গেজেট প্রকাশ করেন। যার অনুলিপি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে।