জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি

0
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীসহ ৮-দলীয় জোটের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাঁরা এই উদ্বেগের কথা জানান। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে নেতারা উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা এবং বর্তমান সময়ে তাদের ‘বিভাজনমূলক রাজনীতি’ এনসিপির ঘোষিত আদর্শ ও গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। নেতারা অভিযোগ করেন, জামায়াত ও শিবিরের অনলাইন ফোর্স এনসিপির নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা করেছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও দলের মূলবোধ বিসর্জন দিয়ে কোনো জোটে যাওয়া এনসিপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলবে বলে তাঁরা মনে করেন।

জামায়াতে ইসলামীর সাথে জোট বা আসন সমঝোতার বিপক্ষে জাতীয় নাগরিক পার্টির ৩০ নেতার দেওয়া চিঠি ।। ছবি: সংগৃহীত

চিঠিতে আরও বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। এখন মাত্র কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া হবে জাতির সঙ্গে প্রতারণার শামিল।

এই জোটের খবর জানাজানি হওয়ার পর অনেক মধ্যপন্থী সমর্থক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনসহ শীর্ষ ৩০ নেতা।