চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে ১৫ বোমা উদ্ধার, আটক ১

0
আটক এরিন বাদশা (৪০)।

লোকসমাজ ডেস্ক ॥ চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নুরনগর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ককটেল বোমা ও ২৩০ ট্যাপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান। আটক ৪০ বছর বয়সী এরিন বাদশা নুরনগর গ্রামের সুলতান আলীর ছেলে।

ওসি মিজানুর রহমান বলেন, নুরনগর গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্ডা ট্যাবলেট এবং পাশের কবরস্থানে ১৫টি ককটেল বোমা আছে গোপন সংবাদ পাওয়া যায়। পরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই গ্রামে অভিযান চালায়।

“অভিযানের সময় এরিন বাদশার বাসায় ২৩০টি ট্যাপেন্ডা ট্যাবলেট পাওয়া যায়। পরে কবরস্থানের পরিত্যক্ত স্থান থেকে ১৫টি বোমা উদ্ধার করা করা হয়। এ সময়ে এরিনকে আটক করে যৌথবাহিনী।”

এরিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি মিজানুর রহমান জানান।