চাকরি না পেয়ে গ্রাফিকস ডিজাইনার থেকে ‘জাল নোট’ কারিগর

0
জাল টাকাসহ গ্রেপ্তার মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭)। আজ দুপুরে ফেনী সদরের মডেল থানা থেকে তোলা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ গ্রাফিকস ডিজাইন শিখে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে অভিনব পন্থায় জাল নোট তৈরির অভিযোগে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার বাসিন্দা এবং মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করা একজন শিক্ষিত যুবক। চাকরির সন্ধান না পেয়ে তিনি গ্রাফিকস ডিজাইনের বিভিন্ন কোর্স করেন এবং একপর্যায়ে ইউটিউব ও ইন্টারনেটের সহায়তা নিয়ে জাল টাকা তৈরির কৌশল আয়ত্ত করেন। তিনি দাগনভূঞা উপজেলার মুন্সীরহাট বাজারের একটি দোকানে বসে এসব জাল নোট তৈরি করতেন। ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট এবং নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন যে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বিভিন্ন মানের নোট তৈরির পর তিনি পরীক্ষামূলকভাবে রানিরহাট এলাকায় কেনাকাটা করতে গেলে এক সতর্ক দোকানির হাতে ধরা পড়েন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানিয়েছেন, ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।