খুলনায় সন্ত্রাসী হামলায় যুবদলের ৫ নেতা জখম তীব্র নিন্দা নেতৃবৃন্দের

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ জেলা বিএনপি’র ইফতার পরবর্তীতে খুলনা ক্লাবের সামনে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় যুবদলের ৫ জন নেতা গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানিয়েছেন, খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিল পরবর্তীতে খুলনা ক্লাব থেকে বের হচ্ছিলেন যুবদল নেতৃবৃন্দ। এসময়ে ১৫/২০টি মোটরসাইকেলে ৪০/৫০জন ধারালো অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, যুবদল নেতা তৌহিদউদ্দিন দারা, রাজিব, ডুমুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহাগ গোলদার ও কয়রা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অলিদকে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন তারা। পরে তাদের উদ্ধার করে খুলনা জেনারেল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।