ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে: জাতিসংঘ

0
চরম দারিদ্র্যের ঝুঁকিতে বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখ মানুষ।। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের অর্থনৈতিক অভিঘাতে বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখেরও বেশি মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারেন বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালীন সময়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

ইউএনডিপির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, সংঘাতের ফলে আন্তর্জাতিক উন্নয়নের পথে অর্জিত সাফল্যগুলো এখন বিপরীত দিকে যাচ্ছে। জ্বালানি সংকট, খাদ্য সংকট এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি— এই তিন ধাক্কার মুখোমুখি বিশ্ব এখন একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এর ক্ষতিকর প্রভাব ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

সংস্থাটি যুদ্ধের তিনটি সম্ভাব্য চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি তেল ও গ্যাস উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং আগামী আট মাস উচ্চমূল্য বজায় থাকে, তবে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়বেন। বিশ্বব্যাংকের নির্ধারিত ‘উচ্চ-মধ্যম আয়’ (Upper-Middle-Income) মানদণ্ড অনুযায়ী, যাদের দৈনিক আয় ৮.৩০ ডলারের কম, তাদের ওপর এই প্রভাব পড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দারিদ্র্য বৃদ্ধির এই হারের অর্ধেকই ঘটবে জ্বালানি আমদানিকারক ৩৭টি দেশে। যার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলসহ আফ্রিকা, এশিয়া এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলো সবচেয়ে বেশি অস্তিত্ব সংকটে পড়বে। ওয়াশিংটনে আইএমএফ-এর বসন্তকালীন বৈঠকে বিশ্বনেতারা যখন একত্রিত হয়েছেন, ঠিক তখনই ইউএনডিপি এই পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।