যশোরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭১টি, পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৩০ হাজার

0

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৮২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৭১টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮২৪টি কেন্দ্রের মধ্যে ৭৫৩টিকে সাধারণ এবং ৭১টিকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে এবার প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।

বিশেষ করে, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে থাকবে আধুনিক ‘বডি ওর্ন ক্যামেরা’, যাতে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যায়।

নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে অক্ষম বা বিশেষ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলায় মোট ৩০ হাজার ২২৮টি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ৪৮টি আবেদন বাতিল করা হয়েছে। ফলে অবশিষ্ট ৩০ হাজার ১৮০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ভোটারদের মধ্যে পুরুষ ২৪ হাজার ৬৪৩ জন এবং মহিলা ৫ হাজার ৫৩৭ জন ।
এবার নির্বাচনে যশোরের ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, মহিলা ভোটার ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ২৫ জন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।