চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

0
জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলা; ডিএডি আব্দুল মোতালেব নিহত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় আরও তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন, যাদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, র‍্যাব-৭-এর একটি দল জঙ্গল সলিমপুরে নিয়মিত অভিযানে গেলে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা কয়েকজন র‍্যাব সদস্যকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং প্রকাশ্যে গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মোতালেবের মৃত্যু হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জঙ্গল সলিমপুর দীর্ঘ চার দশক ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকাটির দখল নিয়ে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্গম এই পাহাড়ি এলাকায় সন্ত্রাসী বাহিনী সরকারি পাহাড় কেটে প্লট বাণিজ্য ও অবৈধ বসতি গড়ে তুলেছে। এর আগেও জেলা প্রশাসন, পুলিশ ও সাংবাদিকদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে এই এলাকায়। পুরো এলাকাটি সশস্ত্র পাহারায় থাকায় সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত।