শহীদ জিয়ার উত্তরসূরি একমাত্র তারেক রহমানই দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন: নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন। তাঁর সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ দেখায়। আগামী দিনে তাঁর যোগ্য উত্তরসূরি একমাত্র তারেক রহমানই দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন।

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে একটি মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টাউন হল ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে মানুষের ভোটদানের পরিবেশ সৃষ্টি হয়েছে। যে ভোটাধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘ ১৬ বছর রাজপথে লড়াই করেছি। যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা পালিয়েছে। কিন্তু দেশবিরোধী অপশক্তি নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে।

নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, কোনো লাভ হবে না। আমাদের সাথে জনগণ আছে। আমরা দেশ ও জনগণের স্বার্থে নির্বাচন আদায় করেই ছাড়বো।’

তিনি বলেন, ‘আজকে অনেকে ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। বিএনপি একটি উদার রাজনৈতিক দল। বিএনপি সকল মত ও পথের মানুষের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। মৌলবাদের স্থান এ দেশে কখনো ছিল না, আগামীতেও থাকবে না।’

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

এর আগে সকালে টাউন হল ময়দান থেকে শুরু হওয়া মিনি ম্যারাথন প্রতিযোগিতাটি মুড়লি মোড়ে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক জানান, প্রতিযোগিতায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করে মুড়লি মোড়ে পুরস্কৃত করা হয়।

জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রতিযোগিতাটি পরিচালনা করেন।