যশোর শহরে পৌর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরকে যানজটমুক্ত করতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ।সোমবার শহরের বকুলতলা, দড়াটানা, হাসপাতাল মোড়, মুজিব সড়ক ও কোট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যশোর পৌরসভার উদ্যোগে এই অভিযান চালানো হয়। সোমবার বিকেলে শহরের বকুলতলা থেকে শুরু করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে হয়ে মুজিব সড়ক ও কোট মোড় পর্যন্ত রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় স্কেভেটর মেশিন ব্যবহার করে ফুটপাতের অবৈধ দোকানপাট ও কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ, পৌরসভার পরিদর্শক মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, আবু বক্কর, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান, নাজমুল হাসান ও মোহাম্মদ আলী প্রমুখ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, ‘শহরের যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই আমাদের এই অভিযানের মূল লক্ষ্য। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’