যশোরে চীনের ব্যবসায়ীদের উপস্থিতিতে ব্যাটারি কারখানা উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন স্থানে চীনের একটি লিড অ্যাসিড ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার ফিতা কেটে এবং কবুতর উড়িয়ে কারখানার উদ্বোধন করেন অতিথিরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।

শিনইয়ান স্টোরেজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পল ওয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমির মালিক তৌফিকুর রহমান লিকু, নিংবো ডুউইডু ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি লিমিটেড চায়নার কান্ট্রি ম্যানেজার মো. মুরাদ হোসেন, লিজিয়া কনস্ট্রাকশনের এমডি মি. ঝাং কিংবিন, ফ্রেশ ট্রেড বিডি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. ফজলুল করিম এবং উইন পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজা খন্দকার।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মি. পল ওয়াং বলেন, এই কারখানায় ২৫০ জনেরও বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও জানান, এখান থেকে দেশের চাহিদা মিটিয়ে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাটারি রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ভবিষ্যতে এখানে বাস, ট্রাক ও মোটরসাইকেলের স্ট্যাটার ব্যাটারি তৈরির কাজ শুরু করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।