আসন্ন নির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যশোরের পুলিশ সুপার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে যশোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) ইমদাদুল হক, অভয়নগর ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নির্বাচনের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসা নিশ্চিত করতে জেলাব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।