পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান

0
পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদল নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার বেলা ১১টা থেকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের মুখে সড়ক আটকে অবস্থান নেন ছাত্রদল নেতা-কর্মীরা। কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তিনটি সুনির্দিষ্ট ইস্যু তুলে ধরেন। তাঁর দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট নিয়ে কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নেওয়া আগের সিদ্ধান্ত থেকে সরে এসে পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশনকে তার হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত থেকে অনতিবিলম্বে সরে আসতে হবে। অন্যথায় এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত হবে। তাঁরা অভিযোগ করেন, একটি শ্রেণি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং কমিশন তাদের প্রশ্রয় দিচ্ছে। দিনভর এই কর্মসূচি চলাকালে আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।