নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ

0
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে।। ছবি: প্রতীকী

লোকসমাজ ডেস্ক ॥ নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পর ‘ডাকাত’ আখ্যা দিয়ে বাজারে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত মিজান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি নির্বাচনী বৈঠক চলাকালে মিজান সেখানে উপস্থিত হয়ে নিজেকে ত্যাগী কর্মী দাবি করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে চলে যান। পরে কাজী বাড়ির সামনে লাঠি ও লোহার পাইপ দিয়ে তাঁর মুখ ও মাথা থেঁতলে দেওয়া হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, নিহতের মরদেহ রাস্তায় পড়ে থাকা অবস্থায় একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করে, যার ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ ছয়টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা লাঠি ও পাইপ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশীদ বাকবিতণ্ডার বিষয়টি স্বীকার করলেও মিষ্টি বিতরণের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।