সখিপুর থানার ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

0
সখিপুরে ওসির ওপর হামলা করে পালালেন ছাত্রলীগ সভাপতি সোমেল ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুলিশি অভিযানে বাধা প্রদান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সজোরে ধাক্কা দিয়ে পালানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম আতিকুল ইসলাম সোমেল, যিনি সখিপুর থানা শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, বিকেলে সখিপুর বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে নিয়মিত অভিযানে নামে পুলিশ। এ সময় বাজারের একটি দোকানে ছাত্রলীগ নেতা সোমেলকে দেখে পুলিশ তাঁর পরিচয় জানতে চায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোমেল পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে বাধা দিতে গেলে তিনি ওসিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উপড়ে গিয়ে জখম হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। ওসি নাজিম উদ্দিন আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। উল্লেখ্য, আতিকুল ইসলাম সোমেল সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত মজিবুর সরদারের ছেলে।