নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা, ‘দিস ইজ দ্য লাস্ট টাইম, আই অ্যাম ওয়ার্নিং ইউ’

0
সরাইলের ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার উঠান বৈঠকে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয় সরাইলের ইসলামাবাদ গ্রাম। শনিবার বিকেলে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হাসান খানের সঙ্গে রুমিন ফারহানার তীব্র বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলছেন, ‘দিস ইজ দ্য লাস্ট টাইম, আই অ্যাম ওয়ার্নিং ইউ। নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না।’ তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রার্থীরা প্রকাশ্য জনসভা ও স্টেজ করে আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন নীরব, অথচ তাঁর ঘরোয়া বৈঠকেও আইনের অপপ্রয়োগ করা হচ্ছে। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ম্যাজিস্ট্রেটকে এলাকা থেকে বের হতে না দেওয়ার হুমকিও দিতে শোনা যায় তাঁকে।

সরাইল উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে রুমিন ফারহানাকে নগদ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার জানান, আইন সবার জন্য সমান এবং নিয়ম মেনেই এই জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা এর আগেও ১০ হাজার টাকা জরিমানার শিকার হয়েছিলেন।