পাকিস্তানে একযোগে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলা, নিহত ১২

0
বেলুচিস্তানে বড় ধরনের নাশকতার চেষ্টা নস্যাৎ; ব্যাংক লুট ও থানা হামলায় নিহত ১২ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে শুক্রবার (১৬ জানুয়ারি) ভয়াবহ এক নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। প্রদেশের খারান শহরে একযোগে দুটি ব্যাংক ও একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ন্যাশনাল ব্যাংক ও হাবিব ব্যাংকে হামলা চালিয়ে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে। একই সময়ে তারা খারান সিটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে বন্দিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে সেনাবাহিনী ও পুলিশের ত্বরিত পদক্ষেপের কারণে তাদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা এখন আদর্শিক লড়াই ছেড়ে ব্যাংক ডাকাতির মতো সংগঠিত অপরাধে লিপ্ত হচ্ছে। তিনি আরও জানান, পুরো এলাকায় বর্তমানে ‘ক্লিন-আপ’ অভিযান চলছে। একই সঙ্গে সীমান্তে ডিজিটাল নজরদারি বাড়ানো এবং ৩শ কোটি রুপির ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রকল্পের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।