টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক

0
টসের সময় হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ ভারত-পাকিস্তান দ্বৈরথের পর এবার বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল ‘নো হ্যান্ডশেক’ সংস্কৃতি। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় সৌজন্যমূলক করমর্দন এড়িয়ে গেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে।

কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে টসের আনুষ্ঠানিকতা শেষে দুই অধিনায়কের একে অপরকে এড়িয়ে যাওয়ার ঘটনাটি ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও করমর্দন বাধ্যতামূলক নয়, তবে ক্রিকেটের সাধারণ রীতি হিসেবে এটি স্বীকৃত। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি এবং মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত সাম্প্রতিক কূটনৈতিক শীতলতার প্রভাব পড়েছে এই বয়সভিত্তিক ম্যাচেও।

এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একই অবস্থান নিয়েছিল ভারত। সে সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব রাজনৈতিক ও সামরিক সংঘাতের অজুহাত দিলেও বাংলাদেশের ক্ষেত্রে ভারতের এমন আচরণের কারণ এখনো স্পষ্ট নয়। ভেন্যু জটিলতা ও নিরাপত্তা শঙ্কা নিয়ে যখন বিসিবি ও আইসিসি মুখোমুখি অবস্থানে, ঠিক তখনই মাঠের এই ঘটনা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন তিক্ততার আভাস দিচ্ছে।