বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, আসছেন একজন

0
ভিসা জটিলতায় আটকে গেলেন আইসিসির ভারতীয় কর্মকর্তা; একাই আসছেন অ্যান্ড্রু এফগ্রেভ ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভেন্যু পরিবর্তন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে আজ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা আসছেন আইসিসির প্রতিনিধি। তবে পূর্বনির্ধারিত দুই কর্মকর্তার সফরের কথা থাকলেও আইসিসির ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি। ফলে একক প্রতিনিধি হিসেবে আজ ঢাকায় পা রাখছেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় বিসিবি আইসিসিকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক দাবি তোলে। আইসিসি শুরুতে ভেন্যু পরিবর্তনের বিষয়ে অনড় থাকলেও সংকট সমাধানে এই সফরের আয়োজন করা হয়েছে।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু সফরের সত্যতা নিশ্চিত করে জানান, আইসিসি প্রতিনিধি বিসিবি সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। মিরপুর বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠক থেকেই বিশ্বকাপের ভেন্যু ও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা ‘আউটকাম’ আসার অপেক্ষায় রয়েছে দেশের ক্রিকেট মহল।