বিএনপি নেতাদের ওপর হামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

0
বিএনপি নেতাদের ওপর হামলার মামলা: পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমান গ্রেপ্তার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতাদের ওপর হামলা ও কুপিয়ে গুরুতর আহত করার মামলায় পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজ মালিকানাধীন ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, গত ১৩ জানুয়ারি চরদুয়ানী ইউনিয়নে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় যুবদল নেতা সরোয়ার হোসেন ফারুক ও বিএনপি নেতা সেলিম বেপারী গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন বজলুর রহমান।

এদিকে, শুক্রবার গভীর রাতে পাথরঘাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালামসহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীও রয়েছেন। পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, “নির্বাচন কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।” উল্লেখ্য, বরগুনা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দাবি করেছেন, বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও পুলিশ ঢালাওভাবে গ্রেপ্তার করছে।