পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত, আহত ৯

0
পাঞ্জাবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন এক পরিবারের ১৪ সদস্য ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ১৪ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সারগোধার খুশাব এলাকায় যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে ২৩ জন যাত্রী নিয়ে ট্রাকটি খুশাবের দিকে যাচ্ছিল। পথে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গভীর খালে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ছয়জন মারা যান। নিহতদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। উদ্ধারকারী দল জানায়, আহত ৯ জনের মধ্যে সাতজনের অবস্থাই আশঙ্কাজনক।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভুক্তভোগীরা সবাই শ্রমজীবী এবং তারা কাজের সন্ধানে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিলেন। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।