লাইভ কনসার্টে ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং

0
বলিউড র‍্যাপার হানি সিং, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক ॥ বলিউড র‍্যাপার হানি সিংকে নিয়ে চলছে তুমুল বিতর্ক। এক লাইভ কনসার্টে প্রকাশ্যেই শ্রোতাদের অশালীন পরামর্শ দিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ গায়ক। সম্প্রতি দিল্লির এক কনসার্টে পারফর্ম করছিলেন হানি সিং, নানকু এবং করুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের একটি ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝেই উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছেন হানি। দিল্লির কনকনে শীতের প্রসঙ্গ টেনে তিনি দর্শকদের বলেন, ‘উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।’

জনাকীর্ণ অনুষ্ঠানে এই ধরণের খোলামেলা ও অশালীন মন্তব্যে রীতিমতো হতবাক উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়।

কেউ কেউ হানি সিংকে ‘বুড়ো’ বয়সে ‘ভিমরতি’ বলে কটাক্ষ করেছেন। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এতটাই অশ্রাব্য মন্তব্য যে, পরিবারের কারও সামনে ভিডিওটি দেখার উপায় নেই।’ আবার একাংশ হানির এই আচরণকে সস্তা প্রচার পাওয়ার কৌশল হিসেবেও দেখছেন।