বাঘারপাড়ায় সমাজসেবার অনুদানের নামে প্রতারণার অভিযোগে আটক- ২

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়ায় সমাজসেবা অফিসের অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নেওয়ার অপরাধে দুই প্রতারককে আটক করা হয়েছে। বুধবার উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রাম থেকে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নুর উদ্দিন শেখের ছেলে শেখ বিলাল হোসেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৩০ হাজার টাকা অনুদান পাবেন এমন আশ্বাস দিয়ে অসহায় মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, চক্রটি খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলো।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের নাম ভাঙিয়ে অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা আদায় করতো চক্রটি। আটকের দিন বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামে এভাবে টাকা নেওয়ার চেষ্টা করলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করেন এলাকাবাসী। পরে চেয়ারম্যানের সহায়তায় পুলিশ তাদের আটক করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম জানান, কয়েক বছর আগে একইভাবে অনুদানের ভুয়া ফরম দিয়ে প্রতারণা করছে চক্রটি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সচেতনতামূলক পোস্ট দেওয়া হয়েছিল।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।