সরকারি ওয়েবসাইটে উপজেলার আজব নাম: ভেড়ামারা ‘শিপ’ আর ভাঙ্গুড়া ‘ব্রোকেন’!

0
সরকারি পোর্টালে নামের ভুল; নেট দুনিয়ায় বইছে হাসির রোল ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সদ্য উদ্বোধন করা সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যারে উপজেলার নাম নিয়ে এক লঙ্কাকাণ্ড ঘটে গেছে। ফ্রিল্যান্সারদের পরিচয় যাচাইয়ের জন্য তৈরি এই পোর্টালে অন্তত ২১টি উপজেলার নাম উদ্ভট সব ইংরেজি শব্দে রূপান্তরিত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারার নাম দেওয়া হয়েছে ‘Ship’ (শিপ), নোয়াখালীর সুবর্ণচরের নাম ‘Golden’ (গোল্ডেন) এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার নাম বদলে হয়ে গেছে ‘Broken’ (ব্রোকেন)।

ফ্রিল্যান্সার আইডিতে ‘গুগল ট্রান্সলেট’ বিভ্রাট; সুবর্ণচর হয়ে গেল ‘গোল্ডেন’ ।। ছবি: সংগৃহীত

মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি বিভাগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই বিশেষ পোর্টালের উদ্বোধন করেন। কিন্তু ব্যবহারের শুরুতেই ফ্রিল্যান্সাররা দেখতে পান, পাবনার বেড়া উপজেলার নাম ‘Fence’, নওগাঁর পত্নীতলা ‘Spouse’ এবং জামালপুরের সরিষাবাড়ী হয়ে গেছে ‘Mustard’। এমনকি চট্টগ্রামের বাঁশখালীকে লেখা হয়েছে ‘বেম্বুখালি’ (Bambukhali)। ধারণা করা হচ্ছে, ডাটাবেজ তৈরির সময় সঠিক কারিগরি যাচাই ছাড়াই স্বয়ংক্রিয় অনুবাদ বা ‘গুগল ট্রান্সলেট’ ব্যবহারের ফলে এই বিভ্রাট ঘটেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে বা সরকারি নথিতে ব্যবহৃত হবে এমন একটি সংবেদনশীল প্ল্যাটফর্মে এ ধরনের ভুল ফ্রিল্যান্সারদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন একে ‘কোয়ালিটি অ্যাসুরেন্স’-এর দুর্বলতা হিসেবে দেখছেন। এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটিগুলো দ্রুত চিহ্নিত করে সংশোধনের কাজ চলছে।