টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৫৩ সশস্ত্র সদস্য কারাগারে

0
টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৫৩ সশস্ত্র সদস্য কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫৩ জন সশস্ত্র সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এই আদেশ দেন। এর আগে সোমবার রাতে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়। আটককৃতদের মধ্যে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, সীমান্ত পরিস্থিতির ভয়াবহতা বাড়ছেই। সোমবার শাহপরীর দ্বীপে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত আবু হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলেছেন। একই সাথে, গত রোববার গুলিতে বিদ্ধ হওয়া শিশু হুজাইফা আফনানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, মাথায় বিদ্ধ গুলি বের করা সম্ভব না হওয়ায় এবং জীবন সংশয় থাকায় তাকে লাইফ সাপোর্টে রেখে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে অনুপ্রবেশকারীদের সাথে আটক হওয়া চার বাংলাদেশি জেলেকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। সীমান্তে অস্থিরতা ও হতাহতের ঘটনায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।