ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা

0
আগুনের লেলিহান শিখায় জ্বলছে রাজপথ; বিক্ষোভ দমনে জিরো টলারেন্স নীতিতে তেহরান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে স্বীকার করেছে দেশটির সরকার। আজ মঙ্গলবার তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। গত দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার পর এই প্রথম কর্তৃপক্ষের পক্ষ থেকে এত বিপুল সংখ্যক প্রাণহানির কথা জানানো হলো।

ঐ কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পেছনে ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ও সরকারি বাহিনীর সংখ্যার কোনো সুনির্দিষ্ট বিভাজন তিনি প্রকাশ করেননি। ইরানের ভয়াবহ অর্থনৈতিক মন্দার জেরে শুরু হওয়া এই আন্দোলন ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ইরান সরকার এই পরিস্থিতির জন্য বরাবরের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে। এদিকে, তেহরানসহ বিভিন্ন শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় প্রকৃত তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, রাতের অন্ধকারে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।