প্রার্থিতা ফিরে পাননি টিএস আইয়ুব, তবে বৈধ হয়েছে ছেলের মনোনয়ন

0
যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুব, ছবি: সংগৃহীত।

বিশেষ প্রতিনিধি ॥ যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী টিএস আইয়ুব নির্বাচন কমিশনের আপিল শুনানিতেও তার প্রার্থিতা ফিরে পাননি। ঢাকা ব্যাংকে ঋণখেলাপির দায়ে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করলেও ১৩ জানুয়ারি শুনানি শেষে তা অবৈধই থেকে যায়।

তবে একই আসনে টিএস আইয়ুবের পুত্র ও স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. জহুরুল হকও এই আসন থেকে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বাঘারপাড়া উপজেলা এিনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দল নেতার প্রার্থিতা ফিরে না পাওয়ার খবরে বাঘারপাড়া ও অভয়নগর এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। তবে কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে টিএস আইয়ুব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন,

‘প্রিয় নেতৃবৃন্দ, আমি সব সময় বলছি আমাদের মামলা চলমান। ১৬ ও ১৭ তারিখের মধ্যে আমরা আমাদের কাক্সিক্ষত জায়গায় পৌঁছাতে পারবো। সবাই শান্ত ও দোয়ায় থাকবেন।’

এদিকে গত ৪দিনে যশোরের ৬টি আসন থেকে করা ১০ প্রার্থী আপিল শুনানি শেষ হয়েছে। ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত এই শুনানিতে ৫ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে ৩ জনের মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষিত হয়েছে এবং ২ জনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

শুনানি শেষে যশোর-৪ আসনে টিএস আইয়ুবের ছেলে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির তিন প্রার্থী মো. জহুরুল হক (যশোর-৪), এম. এ হালিম (যশোর-৫), জি.এম হাসান (যশোর-৬) এবং যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

টিএস আইয়ুব ছাড়াও চূড়ান্তভাবে প্রার্থিতা হারিয়েছেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আলী গোলদার ও যশোর-২ আসনের মেহেদী হাসান।

অন্যদিকে, যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান এবং যশোর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের রায়ের জন্য আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।