সুন্দরবন থেকে ১শ কেজি হরিণের মাংস উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, গত সোমবার বিকেলে কোস্ট গার্ড কাগাদোবেকি স্টেশনের একটি দল সুন্দরবনের ঘোলের খাল এলাকায় (খুলনার কয়রা থানার অংশ) বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, সুন্দরবনে বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।